1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

নাঈমের ঘটনায় গভীর ব্যথা ও লজ্জা প্রকাশ মুশফিকুর রহিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২ Time View

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে গাড়ি থেকে নামিয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। শুক্রবার (গতকাল) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা যায়, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলে ঢাকায় অবস্থানের পর নিজ শহর চট্টগ্রামে ফিরছিলেন নাঈম হাসান। চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় পৌঁছে তিনি সিএনজিযোগে বাসার দিকে রওনা দেন। অভিযোগ অনুযায়ী, পথিমধ্যে লালখানবাজার এলাকায় তাকে একটি গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয় এবং সেখানে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, নাঈমের সঙ্গে যা ঘটেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে জানান, একজন নাগরিক ও ক্রীড়াবিদ হিসেবে এই ঘটনায় তিনি ব্যথিত ও লজ্জিত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক অধিনায়ক তামিম ইকবালও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার পর থেকেই তিনি ও বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং নাঈম ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বিসিবির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেওয়া হয়।

এদিকে ঘটনাটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে চট্টগ্রাম নগরীর খুলশী থানার এক উপপরিদর্শক (এসআই)সহ তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ক্রীড়া অঙ্গনের অনেকেই এ ঘটনার স্বচ্ছ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তদন্ত চলমান থাকায় পুরো বিষয়টি এখন প্রশাসনের নজরদারিতে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV