1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

আদালতের রায়ে দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২১ Time View

জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জে দায়ের হওয়া পৃথক দুইটি মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ধর্মীয় বক্তা আমির হামজা। রোববার (১৪ জুন) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, উচ্চ আদালত থেকে আগাম জামিন নেওয়ার পর তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর আড়াইটার দিকে তিনি আদালতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেন। প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর বিকেল ৩টার দিকে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।

তার জামিন নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বলেন, উচ্চ আদালতের আগাম জামিনের ভিত্তিতে আসামি নিম্ন আদালতে হাজির হয়ে দুই মামলায় স্থায়ী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত উভয় মামলায় তার জামিন মঞ্জুর করেন।

এদিকে আদালত ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আদালত চত্বর ও আশপাশের এলাকায় কড়া নজরদারি বজায় রাখা হয়।

মামলার নথি অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে দুটি পৃথক মানহানির মামলা করা হয়।

নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল। পরে আদালতের নির্দেশে তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। পরবর্তীতে তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন এবং স্থায়ী জামিনের আবেদন জানান।

দুই মামলায় স্থায়ী জামিন মঞ্জুরের মধ্য দিয়ে চলমান আইনি প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV