নিজস্ব প্রতিনিধি,
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা বিশ্বে রাশিয়ার সঙ্গে একটি বড় যুদ্ধের প্রস্তুতির যে দাবি করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব বক্তব্যকে তিনি ‘হিস্টেরিয়া’ ও ‘মিথ্যা প্রচারণা’ বলে অভিহিত করেছেন। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
পুতিন সতর্ক করে বলেন, ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো যদি শান্তি আলোচনা থেকে সরে যায়, তাহলে ইউক্রেনে রাশিয়া যে ভূখণ্ডগুলো দাবি করছে, সেগুলো সামরিক উপায়ে দখল করা হবে। একই সঙ্গে তিনি রুশ সেনাবাহিনীর আধুনিকীকরণের অগ্রগতি তুলে ধরেন এবং ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন অস্ত্র উন্নয়নের নির্দেশ দেন।
পশ্চিমা নেতাদের সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সংঘাতকে ঘিরে উত্তেজনা বাড়ানোর চেষ্টা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় এবং এটি বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মার্কিন মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি চুক্তির আওতায় ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েনের বিষয়ে রাশিয়ার অবস্থান স্পষ্ট। এ ধরনের মোতায়েনের বিরোধিতা করলেও বিষয়টি আলোচনার আওতায় থাকতে পারে বলে জানান তিনি।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ইউক্রেন পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তা পেতে পারে। তবে পেসকভ পুনরায় স্পষ্ট করেন, ইউক্রেনের ভূখণ্ডে বিদেশি সামরিক বাহিনী মোতায়েন রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, চলতি সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মস্কো সফরের সম্ভাবনা নেই।
Leave a Reply