নিজস্ব প্রতিনিধি,
আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপ গ্রীনল্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদেই দ্বীপটি কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। সে সময় ডেনমার্ক ও গ্রীনল্যান্ড কর্তৃপক্ষ সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। দ্বিতীয় মেয়াদেও বিষয়টি নিয়ে ট্রাম্পের আগ্রহ কমেনি বলে নানা সময়ে আলোচনা-সমালোচনা দেখা গেছে। এমনকি গ্রীনল্যান্ডের স্থানীয় নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগও ওঠে। কয়েক মাস নীরবতার পর এবার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ট্রাম্পের নিযুক্ত বিশেষ দূতের বক্তব্য। গ্রীনল্যান্ড বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পাওয়া লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রি এক বক্তব্যে দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের অংশ করার কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ল্যান্ড্রি লেখেন, গ্রীনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হলে তা সেখানকার বাসিন্দা ও মার্কিন নাগরিক—উভয়ের জন্যই কল্যাণকর হবে। তার এই মন্তব্যের পরই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করা তাদের মৌলিক নীতি। কোনো বিশেষ দূতের নিয়োগ বা বক্তব্য সেই নীতিকে দুর্বল করতে পারবে না। একই সুরে গ্রীনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র গ্রীনল্যান্ডের জনগণের। বিশেষজ্ঞরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে আর্কটিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব দ্রুত বাড়ছে। বরফ গলে নতুন নৌপথ উন্মুক্ত হচ্ছে, পাশাপাশি মূল্যবান খনিজ সম্পদের সম্ভাবনাও তৈরি হচ্ছে। এই বাস্তবতায় গ্রীনল্যান্ডের ভূরাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ১৯৪২ সাল থেকে গ্রীনল্যান্ডে সামরিক ও রেডিও ঘাঁটি পরিচালনা করে আসছে। এছাড়া ২০২০ সালে রাজধানী নিউকে যুক্তরাষ্ট্র পুনরায় তাদের কনস্যুলেট চালু করে, যা অঞ্চলটিতে ওয়াশিংটনের দীর্ঘমেয়াদি আগ্রহেরই ইঙ্গিত দেয়।
Leave a Reply