নিজস্ব প্রতিনিধি,
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘটে মর্মান্তিক একটি ঘটনা। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি মাঠে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। জানা গেছে, তিনি হার্ট অ্যাটাক করেছিলেন।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর প্রায় ২০ মিনিট আগে, মাঠের দুই পাশের ড্রেসিংরুমের সামনে ওয়ার্ম আপ করছিলেন মাহবুব আলী জাকি। এ সময় আচমকা মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কোচিং স্টাফরা তাকে দ্রুত সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রদান করেন এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা ক্যাপিটালস এক বিবৃতিতে জানায়, গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল, তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ক্রিকেট অঙ্গনে মাহবুব আলী জাকিরের আকস্মিক মৃত্যু গভীর শোকের সৃষ্টি করেছে এবং পুরো বাংলাদেশের ক্রিকেট মহলে শোকের ছায়া ফেলেছে।
দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে কোচ হিসেবে কাজ করা মাহবুব আলী জাকিরের মৃত্যু বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বড় ক্ষতি। তার অকাল মৃত্যু পুরো দেশের ক্রিকেট ভক্তদের কাছে এক দুঃখের সংবাদ হয়ে দাঁড়িয়েছে।
Leave a Reply