নিজস্ব প্রতিনিধি
অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হলেও চোট গুরুতর নয় বলে নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট।
বিপিএলে টানা দুই দিনের ম্যাচ শেষে আজ (রোববার) ছিল বিরতি। এ সুযোগে সিলেটের আউটার মাঠে অনুশীলনে নামেন চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। অনুশীলনের এক পর্যায়ে সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে শরীফুলের মাথার এক পাশে আঘাত লাগে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে জানান, “আঘাত খুব একটা গুরুতর নয়। যেহেতু মাথায় লেগেছে, তাই সতর্কতার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছিল। এখন সে আবার হোটেলে ফিরে এসেছে।”
তিনি আরও জানান, শরীফুলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ম্যাচে তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। টিম ম্যানেজমেন্ট আশাবাদী, দ্রুতই মাঠে ফিরতে পারবেন এই পেসার।
Leave a Reply