নিজস্ব প্রতিনিধি,
বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাচ্ছেন। ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্র দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কূটনৈতিক সূত্র জানায়, চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু করবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। এর অংশ হিসেবে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকের মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের প্রস্তুতি নেবেন নতুন রাষ্ট্রদূত। আগামী ১৫ জানুয়ারি তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করবেন।
ঢাকায় আসার আগে এক প্রতিক্রিয়ায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যার সঙ্গে তিনি খুব ভালোভাবে পরিচিত। এ দেশে ফিরে আসতে পেরে তিনি ভীষণ আনন্দিত। তিনি আরও বলেন, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দিতে তিনি আগ্রহী। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নে কাজ করা এবং যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
Leave a Reply