নিজস্ব প্রতিনিধি,
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ইসলামী প্রজাতন্ত্রের সমর্থনে সোমবার দেশব্যাপী অনুষ্ঠিত বিশাল সমাবেশের প্রশংসা করে বলেছেন, সারাদেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ইতিহাস সৃষ্টি করেছে এবং বিদেশি শক্তির চক্রান্ত ব্যর্থ হয়েছে। সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ভাড়াটে এজেন্টদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা ইরানি জনগণের ঐক্য ও দৃঢ়তায় নস্যাৎ হয়ে গেছে।
বিদেশি মদদপুষ্ট দাঙ্গার তীব্র নিন্দা জানিয়ে আয়াতুল্লাহ খামেনি বলেন, এই সমাবেশ ছিল ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের অটল সমর্থনের প্রতিফলন। তিনি উল্লেখ করেন, ইরানের মহান জাতি এক ঐতিহাসিক দিন উপহার দিয়েছে এবং শত্রুদের কাছে নিজেদের শক্তি, পরিচয় ও দৃঢ় সংকল্প স্পষ্টভাবে তুলে ধরেছে। একই সঙ্গে তিনি এটিকে মার্কিন রাজনীতিবিদদের জন্য প্রতারণা বন্ধ করার একটি সতর্কবার্তা বলেও উল্লেখ করেন।
ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, তেহরানসহ ইরানের অধিকাংশ প্রদেশে সোমবার সকাল থেকেই বিক্ষোভ-সমাবেশ শুরু হয়। রাজধানী তেহরানে প্রায় ৩০ লাখ মানুষ এতে অংশ নেয় বলে জানানো হয়েছে।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও দেশজুড়ে অনুষ্ঠিত সমাবেশে লাখ লাখ মানুষের ‘মহাকাব্যিক’ উপস্থিতির প্রশংসা করেন। তিনি বলেন, জনগণের ঐক্য যুক্তরাষ্ট্র, তার মিত্র ও ইসরায়েলি শাসনব্যবস্থার অশুভ পরিকল্পনার বিরুদ্ধে এক শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। জাতির উদ্দেশে দেওয়া বার্তায় তিনি জনগণের অটলতা ও দায়িত্ববোধের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই ঐক্য দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে আরও দৃঢ় সংকল্প দেবে।
Leave a Reply