নিজস্ব প্রতিনিধি,
ক্রিস্তিয়ানো রোনালদো—ফুটবল বিশ্বের এমন এক নাম, যার কাছে বয়স শুধু ক্যালেন্ডারের সংখ্যা। যেখানে ৪০ ছুঁতেই বেশিরভাগ ফুটবলার বুটজোড়া তুলে রেখে কোচিং বা ধারাভাষ্য নিয়ে ভাবেন, সেখানে পর্তুগিজ এই মহাতারকা যেন নতুন করে নিজের পরিচয় লিখতে মাঠে নামছেন। সময় যত গড়াচ্ছে, ইতিহাস গড়ার দৌড়ে রোনালদো ততই হয়ে উঠছেন ভয়ংকর ও অপ্রতিরোধ্য।
সামনে ২০২৬ বিশ্বকাপ। তার আগেই এমন সব রেকর্ড হাতছানি দিচ্ছে রোনালদোর দিকে, যা একসময় ফুটবল ইতিহাসে রূপকথা বলেই ধরা হতো। চার অঙ্কের গোল—১ হাজার। আল-নাসরের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা রোনালদোর বর্তমান অফিশিয়াল গোলসংখ্যা ৯৫৮। অর্থাৎ, ইতিহাস ছুঁতে দরকার মাত্র ৪২টি গোল। ফুটবল ইতিহাসে এখনো কেউ অফিশিয়াল ম্যাচে এই মাইলফলক স্পর্শ করতে পারেননি। রোনালদোর ফিটনেস ও ক্ষুধা দেখলে ২০২৬-২৭ মৌসুমেই সেই অসম্ভব সম্ভব হওয়ার অপেক্ষা মাত্র।
ক্লাব ফুটবলেও অপেক্ষা করছে নতুন অধ্যায়। ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে লিগ জেতা রোনালদোর ট্রফি ক্যাবিনেটে এখনো সৌদি প্রো লিগ নেই। আল-নাসরের হয়ে এই শিরোপা জিততে পারলে চার ভিন্ন দেশে লিগ জেতা তারকাদের সংক্ষিপ্ত তালিকায় নাম লেখাবেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে রোনালদোর রেকর্ড-যাত্রা আরও বিস্ময়কর। ২০২৬ বিশ্বকাপে একটি গোল করলেই ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা ইতিহাসের প্রথম ফুটবলার হবেন তিনি। পেনাল্টি গোল, তিরিশের পর গোল—সব ক্ষেত্রেই সংখ্যার সঙ্গে যুদ্ধ করে চলেছেন সিআরসেভেন।
প্রতিপক্ষ নয়, এখন রোনালদোর একমাত্র লড়াই ইতিহাসের সঙ্গেই।
Leave a Reply