নিজস্ব প্রতিনিধি,
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিওবার্তায় ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভির জ্যেষ্ঠ সন্তান রেজা পাহলভি জানিয়েছেন, ক্ষমতায় এলে তিনি ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করবেন। বর্তমানে ওয়াশিংটনে নির্বাসিত থাকা রেজা পাহলভির এই ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন ইরানে সরকারবিরোধী আন্দোলন তীব্র হচ্ছে এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে তেহরানের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ভিডিওবার্তায় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইরান হবে একটি সমৃদ্ধ ও শান্তিপ্রিয় দেশ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা সমাপ্ত হবে।
রেজা পাহলভি বলেন, বর্তমান ইসলামি প্রজাতন্ত্রের শাসনামলে ইরানের ছবি বিশ্ববাসীর কাছে সন্ত্রাস ও দারিদ্র্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যা দেশের প্রকৃত পরিচয় নয়। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তার শাসনামলে সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা বন্ধ করা হবে, মাদক পাচার ও কট্টরপন্থার বিরুদ্ধে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই হবে এবং মধ্যপ্রাচ্যে ইরান স্থিতিশীল ও দায়িত্বশীল মিত্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
কূটনৈতিক ক্ষেত্রে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হবে এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে। এছাড়া, আব্রাহাম ও সাইরাস চুক্তির সম্প্রসারণের মাধ্যমে ইরান বৈশ্বিক শান্তি ও অংশীদারিত্বের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করবে। বর্তমানে ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে রেজা পাহলভি রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছেন এবং তার প্রতি সমর্থন দেখা যাচ্ছে।
Leave a Reply