নিজস্ব প্রতিনিধি,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে হঠাৎ সুর নরম করেছেন। ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিতের ঘোষণার পর ট্রাম্প দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে তিনি লিখেছেন, “গতকাল যেসব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল, ইরানের নেতৃত্ব সেগুলো বাতিল করেছে। ধন্যবাদ!”
উপসাগরীয় চারটি দেশ ট্রাম্পকে ইরানে হামলা না করার জন্য অনুরোধ জানিয়েছে এমন গুঞ্জন ছড়ালেও ফ্লোরিডায় ছুটি কাটাতে যাওয়ার সময় হোয়াইট হাউস ছাড়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, “আমাকে কেউ বোঝায়নি; আমি নিজেই নিজেকে বুঝিয়েছি।” ট্রাম্প আরও বলেন, “তারা কাউকে ফাঁসি দেয়নি। ফাঁসির আদেশ বাতিল করেছে। এটাই হামলা না করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।”
এর আগে ১৫ জানুয়ারি হোয়াইট হাউস জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষ নির্ধারিত ৮০০টি মৃত্যুদণ্ড কার্যকর ‘স্থগিত’ করেছে। একই সঙ্গে ওয়াশিংটন পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে। ট্রাম্প একাধিকবার ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন এবং জানিয়েছেন, কর্তৃপক্ষের দমনপীড়ণের ফলে হাজারো মানুষ হতাহত হয়েছে। তবে এখনও সুনির্দিষ্ট হতাহতের সংখ্যা জানা যায়নি। যুক্তরাষ্ট্র ভিত্তিক কিছু মানবাধিকার সংস্থা নিয়মিত হতাহতের তথ্য হালনাগাদ করলেও তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিতর্ক রয়েছে।
অন্যদিকে, ইরানি কর্মকর্তারা শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উসকানি ও সহায়তার অভিযোগ করেছেন। দেশটির প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই সরাসরি বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দোসর আখ্যা দিয়েছেন। ট্রাম্পের এ মন্তব্য রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আসছে।
Leave a Reply