নিজস্ব প্রতিনিধি,
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। সূত্র জানায়, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও পঞ্চম এলডিসি সম্মেলনের মহাসচিব রাবাব ফাতিমার নেতৃত্বে প্রতিনিধিদলটির ঢাকায় আসার কথা ছিল। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ সময়ে সফরটি না করার সিদ্ধান্ত জানানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানিয়েছে, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আগামী মাসে প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরে আসতে পারে।
বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, এলডিসি থেকে উত্তরণের সম্ভাব্য প্রভাব এবং উত্তরণ কৌশল বাস্তবায়নের প্রস্তুতি মূল্যায়নে গত নভেম্বরে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে জাতিসংঘ। এসব তথ্যের ভিত্তিতে প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হয়েছে, যা সফর স্থগিত হলেও নির্ধারিত সময়েই পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে প্রস্তুতির ঘাটতির কথা তুলে ধরে ব্যবসায়ীরা এলডিসি থেকে উত্তরণ পেছানোর দাবি জানাচ্ছেন। উত্তরণ হলে শুল্কমুক্ত সুবিধা হারিয়ে রপ্তানি ৬ থেকে ১৪ শতাংশ কমতে পারে বলে আশঙ্কা রয়েছে। সরকার জানিয়েছে, ২০২৬ সালের ২৪ নভেম্বর জাতিসংঘের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ এলডিসি থেকে বের হবে। তবে ব্যবসায়ীরা অন্তত তিন বছর উত্তরণ পেছানোর দাবিতে অনড় রয়েছেন।
Leave a Reply