তিস্তা নিউজ ডেস্ক:
ভারতের মহারাষ্ট্রে এক হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় রাজ্যটির উপ-মুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হওয়ায় গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, দুর্ঘটনাকবলিত বিমানটিতে মোট ছয়জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন অজিত পাওয়ার, বিমানের পাইলট এবং তাঁর নিরাপত্তা দলের সদস্যরা। গুরুতর আহত একজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও পরে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। বিমানের বিভিন্ন অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রানওয়ের আশপাশে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং হতাহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
বুধবার সকাল প্রায় ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর প্রায় এক ঘণ্টা আগে বিমানটি মুম্বাই থেকে বারামতির উদ্দেশে উড্ডয়ন করেছিল। আজ বারামতিতে অজিত পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক জনসভায় যোগ দেওয়ার কথা ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।
জরুরি অবতরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা আবহাওয়াজনিত সমস্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন মহারাষ্ট্র রাজনীতির অন্যতম প্রভাবশালী ও অভিজ্ঞ নেতা। তিনি এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। দুর্ঘটনার খবর পাওয়ার পর দিল্লিতে অবস্থানরত শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে দ্রুত পুনের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হচ্ছে।
Leave a Reply