তিস্তা নিউজ ডেস্ক:
মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনসহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষকরা মনে করছেন, ওয়াশিংটন ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট বিশ্লেষকরা ধারণা করছেন, এ বিশাল সামরিক শক্তি জড়ো করার উদ্দেশ্য ইরান সরকারের ওপর চাপ সৃষ্টি করে রাজনৈতিক পরিবর্তন আনা।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ সহিংসভাবে দমন করা হয়েছে এবং হাজার হাজার নাগরিক নিহত হওয়ার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী রণতরিগুলো চূড়ান্ত অবস্থানে না পৌঁছালেও ইরানের আঞ্চলিক সীমানার মধ্যে রয়েছে। তবে মার্কিন হামলায় নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ সৃষ্টি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, ১৯৭৯ সাল থেকে ক্ষমতায় থাকা কট্টরপন্থী নেতৃত্বের বিরোধী হলেও অনেক ইরানি বিদেশি শক্তির মাধ্যমে সরকার পরিবর্তনের পক্ষপাতী নন।
কূটনৈতিক আলোচনার কোনো ইতিবাচক অগ্রগতি না থাকায় গত সোমবার ইরানের পুঁজিবাজারে রেকর্ড দরপতন হয়েছে। এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক শক্তিগুলো জানিয়েছে, তারা ইরানের ওপর হামলার জন্য নিজেদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করবে না। তবে ভূমধ্যসাগরে মার্কিন রণতরির উপস্থিতির কারণে তৃতীয় কোনো দেশের অনুমতির প্রয়োজন নাও হতে পারে।
গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। মহড়ার উদ্দেশ্য হলো যুদ্ধজাহাজ থেকে যুদ্ধবিমান ওঠানামা করানোর সক্ষমতা যাচাই করা। বিশ্লেষকরা মনে করছেন, এবার লক্ষ্যবস্তু হচ্ছে ইরানের রাজনৈতিক নেতৃত্ব, যাতে জীবনযাত্রার মান নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ আবারও রাস্তায় নামবে। সরকারি তথ্যমতে, গত মাসে ইরানে মূল্যস্ফীতি ৬০ শতাংশে পৌঁছেছে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলার আগেই ইরানের সামাজিক সংহতি নষ্ট করার চেষ্টা করছে। তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প দেশটিকে ‘জরুরি অবস্থার’ মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, যা নিজেই এক ধরনের যুদ্ধ।” ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্ভাব্য কূটনৈতিক আলোচনা সম্পর্কিত খবর ‘মিথ্যা’।
ইরানের সশস্ত্র বাহিনী প্রতিটি গতিবিধি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং হুঁশিয়ারি দিয়েছে, মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন ও হুমকি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ ধরনের আগ্রাসনের ক্ষেত্রে ইরান ‘সর্বাত্মক ও অনুশোচনাহীন’ জবাব দেবে।
ইউরোপেও এই পরিস্থিতির প্রভাব পড়ছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিষিদ্ধ করার সুপারিশ করবেন।
Leave a Reply