নিজস্ব প্রতিনিধি,
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে নীলফামারী-০২ আসন (সদর) থেকে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের সমর্থনে এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। পৌর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তব্য দিতে গিয়ে এটিএম আজহারুল ইসলাম বলেন, গত ৫৪ বছরে দেশের মানুষ নৌকা, ধানের শীষ ও লাঙলের শাসন দেখেছে। এবার জনগণকে দাঁড়িপাল্লাকে দেখার আহ্বান জানান তিনি। তার দাবি, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সবার আগে দুর্নীতি বন্ধ করা হবে। দুর্নীতি বন্ধ করতে পারলে দেশের অর্ধেক কাজ এমনিতেই সম্পন্ন হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের নেতা দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এসে নির্বাচনি সভায় বলছেন—তারা পালাননি। অথচ বাস্তবতা সবাই জানে। পালিয়ে গিয়ে আবার ফিরে এসে মিথ্যা কথা ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, দেশের মানুষ এখন জেগে উঠেছে এবং তারা আর এসব প্রতারণায় বিশ্বাস করবে না। জনগণ ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিয়ে জামায়াতকে সমর্থন দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনি জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি আবু সাদিক কায়েম, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম এবং জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি আবু সাদিক কায়েম তার বক্তব্যে বলেন, দেশের যুবসমাজ এখন ইনসাফ ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে তারা ইনসাফের পক্ষে ভোট দেবে এবং দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে। তিনি বলেন, একটি দলের গত দেড় বছরের শাসনামলে অভ্যন্তরীণ কোন্দলে প্রায় ২০০ মানুষ নিহত হয়েছে। যারা নিজেদের মধ্যেই নিরাপদ নয়, তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করবে কীভাবে—সে প্রশ্ন তোলেন তিনি।
সমাবেশ পরিচালনা করেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী। সমাবেশে জেলার ১৫টি ইউনিয়ন ও শহরের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
Leave a Reply