আন্তর্জাতিক নিউজ ডেস্ক:
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ও পাকিস্তানের দৃঢ় অবস্থানকে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি সব দেশের প্রতি সমান আচরণের আহ্বান জানিয়েছেন। নাসেরের মতে, প্রভাবশালী বোর্ডগুলোর প্রতি পক্ষপাতমূলক সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের ভারসাম্য নষ্ট করছে।
পুরো ঘটনার সূত্রপাত বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স হঠাৎ করেই মোস্তাফিজকে দল থেকে বাদ দেয়। এই ঘটনার পর নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানায়। তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এরপরও বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে এবং শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।
বাংলাদেশের এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ও পাকিস্তানের এমন দৃঢ় অবস্থানকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন নাসের হুসেইন।
স্কাই ক্রিকেট পডকাস্টে আরেক সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল অ্যাথারটনের সঙ্গে আলাপে নাসের বলেন, “বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অটল থেকেছে, এটা আমার ভালো লেগেছে। তারা তাদের খেলোয়াড় ফিজের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানের অবস্থানও প্রশংসনীয়।” তার মতে, পাকিস্তানের এই সমর্থন শুধু ক্রিকেটীয় নয়, বরং ক্রিকেট প্রশাসনে রাজনীতির প্রভাব কমানোর একটি বার্তা।
বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ম্যাচটি না খেলার ঘোষণা দেওয়ায় আইসিসি বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়ে। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে প্রায় ছয় হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে নাসের বলেন, আইসিসি বা বড় বোর্ডগুলোর ওপর চাপ তৈরির একমাত্র কার্যকর উপায় হলো অর্থনৈতিক প্রভাব।
আইসিসির অবস্থানের ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন নাসের হুসেইন। তার প্রশ্ন, যদি টুর্নামেন্টের এক মাস আগে ভারত সরকার বা নিরাপত্তাজনিত কারণে কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানাত, তাহলে কি আইসিসি একইভাবে কঠোর সিদ্ধান্ত নিত? তার মতে, বাংলাদেশ ও পাকিস্তানকে ভারতের মতোই সমানভাবে মূল্যায়ন করা উচিত।
নাসের হুসেইন সতর্ক করে বলেন, রাজনৈতিক চাপ যদি নিয়মিতভাবে ছোট বা মাঝারি শক্তির দেশগুলোর ওপর প্রয়োগ করা হয়, তাহলে ক্রিকেটের ভবিষ্যৎই হুমকির মুখে পড়তে পারে। তবে সব প্রতিবন্ধকতার মাঝেও পাকিস্তানের ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, এত বাধার মধ্যেও তারা নিয়মিতভাবে মানসম্মত ক্রিকেট উপহার দিচ্ছে।









সম্পাদক ও প্রকাশক
মোঃ এমদাদুল হক
ঠিকানাঃ জলঢাকা পেট্রোলপাম্প, সরকারপাড়া, নীলফামারী রোড।
মোবাঃ 01740983512
E-mail: tistanewsbd2017@gmail.com
Website: https://tistanewsbd.com
Leave a Reply