আন্তর্জাতিক নিউজ ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট না করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা। চিঠিতে তিনি ম্যাচটি না হলে সম্ভাব্য আর্থিক, ক্রীড়াগত ও আঞ্চলিক প্রভাবের বিষয়টি তুলে ধরার পাশাপাশি পাকিস্তান ক্রিকেটের সংকটকালে শ্রীলঙ্কার সহযোগিতার ইতিহাস স্মরণ করিয়ে দেন।
শাম্মি সিলভা চিঠিতে উল্লেখ করেন, ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি ভারত–পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ বয়কট করা হলে শুধু টুর্নামেন্টই নয়, পাকিস্তানের সামগ্রিক ক্রিকেট অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ ও ক্রিকেট সংশ্লিষ্ট রাজস্বে বড় ধরনের ক্ষতির আশঙ্কার কথা তুলে ধরে সতর্ক করে দেয় এসএলসি।
চিঠিতে ২০০৯ সালের ৩ মার্চ লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার ঘটনাও স্মরণ করানো হয়। ওই ঘটনার পর প্রায় ছয় বছর নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারেনি পাকিস্তান। সে সময় ঝুঁকি নিয়ে পাকিস্তান সফর করে আন্তর্জাতিক ক্রিকেট পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল।
এসএলসি জানায়, পারস্পরিক সেই বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তিতেই পাকিস্তানের কাছে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। শ্রীলঙ্কা আরও জানায়, বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে তারা কলম্বোয় ১৫ ফেব্রুয়ারির ভারত–পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। টিকিট বিক্রি শেষ হয়েছে এবং ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া বক্তব্যে পিসিবির একটি সূত্র জানায়, তারা এসএলসির চিঠি পেলেও বিষয়টি পুরোপুরি পাকিস্তান সরকারের সিদ্ধান্ত। বোর্ডের পক্ষে এককভাবে এই সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই।
এ অবস্থায় শ্রীলঙ্কা ক্রিকেটের আহ্বানে পিসিবি বা পাকিস্তান সরকার কোনো নতুন সিদ্ধান্ত নেয় কি না, সেটিই এখন ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু।
Leave a Reply