আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান-এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। শনিবার (৭ মার্চ) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রাজধানী তেহরান ও এর আশপাশের এলাকায় অবস্থিত পাঁচটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে তেল সংরক্ষণ ডিপো, জ্বালানি সরবরাহ কেন্দ্র এবং একটি তেল শোধনাগার ছিল বলে জানা গেছে। হামলার পর কয়েকটি স্থাপনায় বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার ফলে কিছু স্থাপনায় আগুন ধরে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত দমকল ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
অন্যদিকে ইসরাইলি সামরিক সূত্র দাবি করেছে, হামলায় এমন জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে যেগুলো ইরানের সামরিক অবকাঠামো ও নিরাপত্তা বাহিনীর জ্বালানি সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট। এর মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই ছিল অভিযানের উদ্দেশ্য।
এদিকে তেহরান এই হামলাকে “প্রত্যক্ষ আগ্রাসন” আখ্যা দিয়ে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়তে পারে।
Leave a Reply