জেলা প্রতিনিধি, নীলফামারী।
‘আগামীর ন্যায়বিচার—আজকের পদক্ষেপ, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বালিকাদের অংশগ্রহণে একটি ব্যতিক্রমী বাইসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে মানববন্ধন ও আলোচনা সভায় মিলিত হয়। এতে নারী অধিকার, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্র্যাক, গুড নেইবারস ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ভিশন এবং ডেমোক্রেসি ওয়াচসহ কয়েকটি সংগঠন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলি আক্তার। মো. আকতারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম, সনাকের সহসভাপতি আফরোজা বিনতে আজিজ গ্লোরী, সনাক সদস্য আজমা আহসান ও নাসিমা বেগম, তৃপ্তী মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রত্না রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থার জেন্ডার ফোকাল পার্সন সালমা আক্তার, ওয়ার্ল্ড ভিশনের এডিপি ম্যানেজার অনুকুল বর্ম্মন, গুড নেইবারস সিডিপির ব্যবস্থাপক বিভব দেওয়ান, ডেমোক্রেসি ওয়াচের জেলা প্রকল্প সমন্বয়কারী মো. মুজিবার রহমান এবং ইয়েস দলনেতা মো. সাখাওয়াত হোসেন। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, জেলা মৎস্য দপ্তরের ফিসারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা আঙ্গুরী বেগম, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য মিঠু রায় এবং সিআরপি সংগঠনের আনজুয়ারা বেগম।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী চারজন কিশোর-কিশোরীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে নীলফামারী পৌরসভার উদ্যোগে শহরের প্রধান সড়কে একটি শোভাযাত্রা বের করা হয়। একই দিনে ডেমোক্রেসি ওয়াচের আয়োজনে জেলা নাগরিক প্ল্যাটফর্মের একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে নারী অধিকার, সমতা ও নারীর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বার্তা তুলে ধরা হয় এবং নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।
Leave a Reply