মোঃ মোনাব্বেরুল হক প্রতিনিধি, নীলফামারী
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারীতে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেছে সামাজিক সংগঠন “আদর্শ সমাজকল্যাণ পরিষদ”। মানবিক এ উদ্যোগে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তিনি তার বক্তব্যে বলেন, নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে “আদর্শ সমাজকল্যাণ পরিষদ”-এর এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী। তিনি সংগঠনের মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনটিকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দেন।
সংগঠনের সভাপতি মোঃ মেহেদী হাসান তার বক্তব্যে জানান, “আদর্শ সমাজকল্যাণ পরিষদ” নীলফামারী জেলা জুড়ে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি বলেন, সকলের সহযোগিতা পেলে সংগঠনটি জেলার প্রতিটি প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগকে সমাজের জন্য ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক হিসেবে অভিহিত করেন।
উল্লেখ্য, “আদর্শ সমাজকল্যাণ পরিষদ” ইতোমধ্যে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সুনাম অর্জন করেছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
Leave a Reply