আন্তর্জাতিক ডেস্ক
মক্কার পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে কাবা শরিফের গায়ে মোড়ানো গিলাফ (কিসওয়া) কাটার চেষ্টার অভিযোগে তুরস্ক থেকে আগত এক নারীকে আটক করেছে দায়িত্বরত নিরাপত্তা বাহিনী।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ওই নারী একটি কাঁচি ব্যবহার করে কাবার গিলাফ থেকে অংশবিশেষ কাটার চেষ্টা করেন। ধারণা করা হচ্ছে, তিনি সেটি ব্যক্তিগত স্মারক হিসেবে সংগ্রহ করতে চেয়েছিলেন। বিষয়টি নজরে আসার পর আশপাশে থাকা মুসল্লিরা দ্রুত তাকে সতর্ক করেন এবং এ ধরনের কাজ শরিয়ত অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানান।
কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে তিনি চেষ্টা চালিয়ে গেলে নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাকে আটক করে সেখান থেকে সরিয়ে নেন। এ সময় উপস্থিত মুসল্লিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর পরিচয় নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। কেউ তাকে মিশরের নাগরিক হিসেবে উল্লেখ করলেও ঘটনাস্থলে উপস্থিত একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, তিনি তুরস্কের নাগরিক এবং একটি তুর্কি হজ দলের সদস্য।
সৌদি আরবের আইন অনুযায়ী, কাবার গিলাফ বা কিসওয়া অত্যন্ত পবিত্র এবং রাষ্ট্রীয় সম্পদ হিসেবে বিবেচিত। এর কোনো অংশ ইচ্ছাকৃতভাবে কাটা, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত করা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওই নারীর বর্তমান অবস্থা কিংবা তাকে মুক্তি দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
Leave a Reply