আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কোনো স্থায়ী সমাধান নয়। বরং ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনা নিয়ে পূর্ণাঙ্গ সমঝোতা না হওয়া পর্যন্ত চলমান উত্তেজনা ও সংঘাত থামবে না।
মেহর নিউজ এজেন্সির প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ১০ দফা পরিকল্পনায় ইরান তাদের নিরাপত্তা, আঞ্চলিক প্রভাব, অর্থনৈতিক স্বার্থ এবং সামরিক অবস্থানকে অগ্রাধিকার দিয়েছে।
ইরানের প্রধান দাবি হলো—যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দিতে হবে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায় তেহরান। এছাড়া শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অংশ হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত করার দাবিও জানিয়েছে দেশটি।
অর্থনৈতিক চাপ থেকে মুক্তি পেতেও জোর দিয়েছে ইরান। তাদের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ইরানবিরোধী সব প্রস্তাব বাতিলের শর্ত দেওয়া হয়েছে।
যুদ্ধের ক্ষয়ক্ষতির প্রসঙ্গেও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। তারা স্পষ্টভাবে জানিয়েছে, সংঘাতে হওয়া ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সব সামরিক বাহিনী সরিয়ে নেওয়ার দাবিও পুনর্ব্যক্ত করেছে।
সবশেষে, শুধু ইরান নয়—পুরো অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে লেবাননসহ বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় যুদ্ধ বন্ধ করার কথাও উল্লেখ করা হয়েছে।
এই পরিকল্পনার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে, তারা কেবল সাময়িক যুদ্ধবিরতিতে আগ্রহী নয়; বরং দীর্ঘমেয়াদি রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সমাধানই তাদের মূল লক্ষ্য।
Leave a Reply