আন্তর্জাতিক ডেস্ক
সাম্প্রতিক হামলার পর সৌদি আরবের একাধিক জ্বালানি স্থাপনার কার্যক্রম আবারও স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইস্ট–ওয়েস্ট পাইপলাইন সম্পূর্ণভাবে পুনরায় সচল করা হয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা আবারও নিশ্চিত হয়েছে।
একই সঙ্গে ম্যানিফা ওয়েলফিল্ড থেকে দৈনিক প্রায় ৩ লাখ ব্যারেল তেল উৎপাদন পুনরায় শুরু করা হয়েছে বলে জানানো হয়।
অন্যদিকে খুরাইস তেলক্ষেত্রে পূর্ণমাত্রার উৎপাদন ফিরিয়ে আনার কাজ চলমান রয়েছে। এটি পুরোপুরি সচল হলে অতিরিক্ত আরও প্রায় ৩ লাখ ব্যারেল তেল উৎপাদনের সক্ষমতা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং ইয়ানবু ইন্ডাস্ট্রিয়াল সিটির তেল, গ্যাস ও বিদ্যুৎ স্থাপনাগুলোতে হামলার পর কয়েকটি স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে নিরাপত্তা ও মেরামত কাজ শেষে ধীরে ধীরে উৎপাদন পুনরায় চালু করা হয়।
জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে, দ্রুত উৎপাদন স্বাভাবিক করতে পারা বৈশ্বিক বাজারে সরবরাহ ঘাটতির আশঙ্কা কমাতে সহায়তা করবে। এতে আন্তর্জাতিক তেলের বাজারে স্থিতিশীলতা ফেরার সম্ভাবনাও তৈরি হয়েছে।
Leave a Reply