আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র হজ ব্যবস্থাপনায় নতুন কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের জন্য একমাত্র বৈধ অনুমোদন হলো ‘হজ ভিসা’; এর বাইরে অন্য কোনো ভিসায় হজ করা যাবে না।
রবিবার (১২ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য হজ পালনের সরকারি ও একমাত্র অনুমোদিত পথ হলো হজ ভিসা। সৌদি গেজেটের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা বা টুরিস্ট ভিসা—কোনোটির মাধ্যমেই হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া যাবে না। এসব ভিসাধারীদের হজ পালনের অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।
সৌদি আরবের ভেতরে অবস্থানরত নাগরিক ও প্রবাসীদের জন্য আলাদা নিয়ম প্রযোজ্য থাকবে। তাদের ক্ষেত্রে হজের অনুমতি পেতে ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন ও বুকিং সম্পন্ন করে হজ পারমিট সংগ্রহ করতে হবে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ সংক্রান্ত সব ধরনের বুকিং কেবলমাত্র অনুমোদিত সরকারি চ্যানেলের মাধ্যমেই করতে হবে। কোনো অননুমোদিত বা ভুয়া প্ল্যাটফর্ম ব্যবহার করলে তা গ্রহণযোগ্য হবে না এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সব মিলিয়ে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ আরও জোরদার করতে সৌদি আরব এবার ভিসা নীতিতে কঠোর অবস্থান নিয়েছে।
Leave a Reply