আন্তর্জাতিক ডেস্ক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে গুরুত্বারোপ করা হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে জানা গেছে, শি জিনপিং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল অব্যাহতভাবে স্বাভাবিক রাখার আহ্বান জানান। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথটি শুধু আঞ্চলিক দেশগুলোর নয়, বরং পুরো বৈশ্বিক অর্থনীতির স্বার্থের সঙ্গে জড়িত।
শি জিনপিং আরও বলেন, চীন অবিলম্বে ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পক্ষে এবং মধ্যপ্রাচ্যের সংকটের একমাত্র কার্যকর সমাধান হলো রাজনৈতিক ও কূটনৈতিক পথ অনুসরণ করা। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক দেশগুলোর উচিত নিজেদের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিজেরাই নির্ধারণ করা এবং দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এগিয়ে আসা।
এ সময় তিনি সৌদি যুবরাজকে হরমুজ প্রণালির নিরাপত্তা ও মুক্ত নৌচলাচলের গুরুত্ব তুলে ধরেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি ইরানি জাহাজ আটক করার ঘটনার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং চলমান যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এর আগে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানকে যুক্ত করার ক্ষেত্রে চীনের ভূমিকার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন। তবে ওই আলোচনায় তখনও যুদ্ধবিরতি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও যুক্তরাষ্ট্রের “জোরপূর্বক ইরানি জাহাজ আটক” করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
চীন পুনর্ব্যক্ত করেছে যে, তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে সমর্থন করে এবং অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পক্ষে কাজ চালিয়ে যাবে।
Leave a Reply