জেলা প্রতিনিধি
সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় শেষ হয়। জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মাহমুদুল হক সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ, পারিবারিক আপিল আদালতের বিচারক ও জেলা ও দায়রা জজ মোছা. আরিফা ইয়াসমিন মুক্তা, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হক বসুনিয়া, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী এবং জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সহকারী জজ রবিউল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সেবা সম্পর্কে আরও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সেরা প্যানেল আইনজীবী হিসেবে মো. আনোয়ার হোসেন ও লায়লা আঞ্জুমান আরা ইতি-কে সম্মাননা প্রদান করা হয়।
জেলা লিগ্যাল এইড কর্মকর্তা রবিউল ইসলাম জানান, গত এক বছরে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আইনগত সহায়তা পাওয়ার জন্য মোট ৫৩৩টি আবেদন করেছেন, যা বিনামূল্যে নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে।
Leave a Reply