1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

লিওনেল মেসি চান বিশ্বকাপে থাকুক নেইমার

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২২ Time View
ক্রীড়া ডেস্ক

বন্ধু নেইমারকে আবারও বিশ্বকাপের মঞ্চে দেখতে চান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় আখ্যা দিয়ে মেসি বলেছেন, নেইমারের মতো একজন ফুটবলারের বিশ্বকাপে থাকা শুধু ব্রাজিলের জন্য নয়, পুরো ফুটবল বিশ্বের জন্যই আনন্দের।

‘লো দেল পোলো শো’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, বিশ্বকাপ সবসময় সেরা ফুটবলারদের আসর। আর নেইমার সেই খেলোয়াড়দের একজন, যাকে বড় মঞ্চে দেখতে সবাই পছন্দ করে। তার ভাষায়, “নেইমারকে বিশ্বকাপে দেখতে পারাটা দারুণ হবে। সে এমন একজন ফুটবলার, যে ম্যাচের চিত্র বদলে দিতে পারে।”

নেইমারকে নিয়ে নিরপেক্ষ মন্তব্য করা কঠিন বলেও জানান মেসি। কারণ, সময়ের সঙ্গে তাদের সম্পর্ক শুধুই সতীর্থের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, গড়ে উঠেছে গভীর বন্ধুত্ব। মেসির মতে, মাঠের ভেতরে অসাধারণ প্রতিভাবান হওয়ার পাশাপাশি মানুষ হিসেবেও নেইমার ভীষণ আন্তরিক ও প্রাণবন্ত।

দুজনের বন্ধুত্বের শুরু বার্সেলোনায়। কাতালান ক্লাবটিতে চার মৌসুম একসঙ্গে খেলেছেন তারা। পরে প্যারিস সেন্ট জার্মেইনেও দুই মৌসুম একই ড্রেসিংরুম ভাগাভাগি করেন। এই সময়টাতে ফুটবল বিশ্বের অন্যতম সফল ও জনপ্রিয় জুটিতে পরিণত হন মেসি-নেইমার।

২০২৩ সালে পিএসজি ছাড়ার পর দুজনের পথ আলাদা হয়ে যায়। মেসি যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে, আর নেইমার পাড়ি জমান সৌদি আরবের ক্লাব আল হিলালে। তবে ইনজুরির কারণে সৌদি অধ্যায়টা কঠিন হয়ে ওঠে ব্রাজিলিয়ান তারকার জন্য। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর শেষ পর্যন্ত শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যান তিনি।

নেইমারের ব্যক্তিত্ব নিয়েও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মেসি। তিনি বলেন, নেইমার সবসময় নিজের মতো করে জীবন উপভোগ করতে ভালোবাসেন। সমালোচনা বা নেতিবাচক আলোচনা তাকে খুব একটা প্রভাবিত করতে পারে না। হাসিখুশি ও ইতিবাচক মানসিকতার মানুষ হিসেবেই তাকে জানেন আর্জেন্টাইন অধিনায়ক।

এদিকে, আগামী বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়েই নিজেকে প্রস্তুত করছেন নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও ইঙ্গিত দিয়েছেন, পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারলে জাতীয় দলে ফেরার সুযোগ রয়েছে তার সামনে। ২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন নেইমার। এরপর গুরুতর চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য ছিটকে যান মাঠের বাইরে। এখন তার লক্ষ্য, পুরোপুরি সুস্থ হয়ে আবারও দেশের জার্সিতে ফিরতে এবং বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV