তিস্তা নিউজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে মামলার ওপর জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১১ মে) আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ।
এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।” তার ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। শুনানি শেষে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। পরে ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে বিষয়টি শুনানির জন্য ওঠে। তবে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।
মামলার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন যুবদল নেতা ও ‘বাঙালিয়ানা ভোজ’-এর বাবুর্চি হৃদয় মিয়া। আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ছোড়া গুলিতে তার ডান পায়ে গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলায় ব্যারিস্টার সুমনকে আসামি করা হয়। গ্রেপ্তারের পর এ মামলায় তিনি পাঁচ দিনের রিমান্ডও ভোগ করেন।
আপিল বিভাগের এ আদেশে আপাতত আইনি স্বস্তি পেলেন ব্যারিস্টার সুমন। পাশাপাশি মামলার বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করার দিকেও গুরুত্ব দিয়েছেন আদালত।
Leave a Reply