নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর জলঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হেনস্তা ও অপমানের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৪ মে ঢামেকে কয়েকজন ওষুধ কোম্পানির প্রতিনিধিকে “দালাল” আখ্যা দিয়ে আটক, হেনস্তা এবং পেশাগতভাবে অপদস্থ করার অভিযোগে সারাদেশের মতো জলঢাকাতেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে বাংলাদেশ ফার্মাসিউটিকাল রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জলঢাকা শহরের কেন্দ্রীয় সড়কে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। এ সময় তারা ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী স্লোগান নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের ব্যানারে লেখা ছিল— “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, তারা দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী” এবং “পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে”।
বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা চিকিৎসকদের কাছে আধুনিক ওষুধের তথ্য তুলে ধরেন, রোগীদের জন্য কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে সহায়তা করেন এবং দেশের ওষুধ শিল্পকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ নানা সময় হাসপাতালে প্রবেশে বাধা, অপমানজনক আচরণ, ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার মুখে পড়তে হচ্ছে তাদের।
সমাবেশে বক্তারা আরও বলেন, একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দীর্ঘ প্রশিক্ষণ, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করেন। তাই তাদের “দালাল” আখ্যা দেওয়া শুধু অসম্মানজনক নয়, বরং পুরো পেশাজীবী সমাজের প্রতি অবমাননাকর আচরণ। তারা বলেন, ঢামেকের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভবিষ্যতে যেন কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এ ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পেশাগত মর্যাদা, সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে সারাদেশে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে অংশ নেওয়া প্রতিনিধিরা দাবি জানান, স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত সকল পেশাজীবীর প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর নীতিমালা প্রণয়ন করতে হবে।
প্রতিবাদ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
Leave a Reply