জেলা প্রতিনিধি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বুধবার (১৩ মে) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি থাকবে।
এবারের নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে অংশ নিয়েছেন মোট ৪০ জন প্রার্থী। আর ভোটাধিকার প্রয়োগ করবেন সমিতির ১১ হাজার ৯৭ জন আইনজীবী সদস্য।
নির্বাচন ঘিরে সকাল থেকেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ভোটকেন্দ্রের সামনে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের সমর্থকদের সরব উপস্থিতি নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ আলী। এছাড়া সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সহ-সম্পাদক ও সদস্য পদেও দলটির পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে।
অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকেও শক্ত অবস্থান দেখা যাচ্ছে। এ প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাতেন এবং সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি থেকে সদস্য পদ পর্যন্ত প্রায় সব পদেই প্রার্থী দিয়েছে দলটি।
এ ছাড়া এনসিপি সমর্থিত লাল-সবুজ প্যানেল থেকেও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থী দেওয়া হয়েছে। যদিও সভাপতি পদে তারা কোনো প্রার্থী দেয়নি, তবে সম্পাদক ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মনোনীত প্রার্থীরা।
প্যানেলের বাইরে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও এবারের নির্বাচনে অংশ নিয়েছেন। সভাপতি ও সম্পাদক পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাদের অংশগ্রহণ নির্বাচনে বাড়তি প্রতিযোগিতার আবহ তৈরি করেছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপকমিটি দায়িত্ব পালন করছে। আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
আইনজীবী নেতারা বলছেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচন শুধু পেশাজীবীদের নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রই নয়, বরং দেশের বৃহত্তর রাজনৈতিক বাস্তবতারও একটি প্রতিচ্ছবি। ফলে প্রতি বছরের মতো এবারও এই নির্বাচন ঘিরে আইন অঙ্গনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
Leave a Reply