1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে সফলভাবে জ্বালানি লোডিং সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৫ Time View

তিস্তা নিউজ ডেস্ক

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোডিং সফলভাবে সম্পন্ন হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধাপ শেষ হওয়ার মাধ্যমে প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদন শুরুর আরও এক ধাপ এগিয়ে গেল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের ২৮ এপ্রিল জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়। ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপন করা হয়। পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড ও কঠোর পরিচালনাগত বিধিমালা অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে।

প্রকল্প কর্তৃপক্ষের মতে, জ্বালানি লোডিং সম্পন্ন হওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর পূর্ববর্তী সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। এর সফল সমাপ্তি প্রকল্পের নিরাপদ ও নিয়ন্ত্রিত বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিকে আরও শক্তিশালী করেছে।

রূপপুর প্রকল্পের পরিচালক এবং রাশিয়ার এটমস্ট্রয়েক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, “পুরো জ্বালানি লোডিং প্রক্রিয়া আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড, পরিচালন নীতিমালা এবং প্রযুক্তিগত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে।”

তিনি আরও বলেন, পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের ওপরের অংশ স্থাপন, ইন-কোর ইন্সট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্তকরণ এবং বিভিন্ন প্রযুক্তিগত যাচাই-বাছাই করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে শতাধিক পরীক্ষামূলক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ডেইরি জানান, ধাপে ধাপে রিঅ্যাক্টরকে প্রথমে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে নেওয়া হবে। এরপর ক্রমান্বয়ে এর ক্ষমতা বাড়িয়ে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও বাণিজ্যিক পরিচালনার দিকে অগ্রসর হওয়া হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এই পর্যায় সফলভাবে সম্পন্ন হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বিদ্যুৎ খাতে একটি নতুন যুগের সূচনা করবে। জাতীয় গ্রিডে যুক্ত হবে বিপুল পরিমাণ নির্ভরযোগ্য বিদ্যুৎ, যা দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সব ধাপ সফলভাবে শেষ হলে শিগগিরই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করার আশা করা হচ্ছে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV