1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন প্রতিমন্ত্রী অমিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২১ Time View

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্য অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে দেশের বাজারে তেলের দাম সমন্বয় করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে তিনি আশ্বাস দিয়ে বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও দ্রুত সমন্বয় করা হবে।

সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে নিয়ম অনুযায়ী প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম পুনর্মূল্যায়ন করা হয়। তবে মে মাসে নতুন করে মূল্য সমন্বয় হয়নি, কারণ এপ্রিল মাসেই আগের দফায় সমন্বয় সম্পন্ন করা হয়েছিল।

তিনি বলেন, “আমরা সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষের ওপর চাপ না বাড়াতে। কিন্তু আন্তর্জাতিক বাজারের বাস্তবতা এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা এমন পরিস্থিতি তৈরি করেছে, যেখানে কিছু সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হয়েছে।”

দেশে জ্বালানি ব্যবহারের কাঠামো তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, মোট ব্যবহারের প্রায় ৬৬ শতাংশই ডিজেল। কৃষি, পরিবহন এবং শিল্প উৎপাদনে এর ব্যাপক ব্যবহার থাকায় এ খাতে সরকারের ভর্তুকির চাপও সবচেয়ে বেশি।

তার ভাষায়, “ডিজেল খাতেই সবচেয়ে বেশি ভর্তুকি দিতে হয়। তারপরও আমরা এটির দাম বাড়াইনি, কারণ এর সরাসরি প্রভাব সাধারণ মানুষ ও কৃষকের ওপর পড়ে। তবে অন্যান্য জ্বালানি পণ্যে সীমিত পরিসরে সমন্বয় করা হয়েছে।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার কারণে সরকার বাধ্য হয়ে ধাপে ধাপে মূল্য সমন্বয়ের নীতি অনুসরণ করছে। এতে ভর্তুকির চাপ কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আশাবাদ ব্যক্ত করে বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট শিগগিরই স্বাভাবিক হবে এবং বৈশ্বিক বাজার স্থিতিশীল হলে তার ইতিবাচক প্রভাব দেশীয় বাজারেও পড়বে।

“আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম কমানো হবে। এতে কোনো দ্বিমত নেই,”—বলেন তিনি।

উল্লেখ্য, সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী জুন মাসের জন্য জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে অকটেন ও পেট্রোলের দাম বাড়ানো হলেও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন মূল্যহার ১ জুন থেকে কার্যকর হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV