তিস্তা নিউজ ডেস্ক
বাংলা, দর্শন, ইতিহাসসহ কোনো বিষয়ে অনার্স কোর্স বন্ধের কোনো পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের নেই বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া অনার্স কোর্স বাতিল সংক্রান্ত খবরকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, “আমার জানামতে এ ধরনের কোনো আলোচনা কোথাও হয়নি। বাংলা আমাদের মাতৃভাষা, এটি বাদ দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন তথ্যও সঠিক নয়। আমি জানি না এই নিউজ কোথা থেকে এসেছে।”
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও সময়োপযোগী করার অংশ হিসেবে কারিগরি ও বাজার চাহিদাভিত্তিক বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে বাংলা, ইতিহাস বা দর্শনের মতো মৌলিক বিষয়গুলো বাদ দেওয়া হবে।
তার ভাষায়, “আমরা প্রতিনিয়ত কারিকুলাম নিয়ে কাজ করছি, নতুন বিষয় যুক্ত করছি। কিন্তু কোনোভাবেই প্রচলিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দেওয়ার আলোচনা হয়নি।”
মন্ত্রী স্পষ্ট করে জানান, অনার্স কোর্স কমানো বা কোনো বিষয় বন্ধ করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।
এদিকে, একই দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ও এক বিজ্ঞপ্তিতে জানায়, অনার্স কোর্স বাতিল বা বন্ধের বিষয়ে সরকারের বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে এ ধরনের প্রচার সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই স্পষ্টীকরণের পর অনার্স কোর্স বাতিল সংক্রান্ত গুঞ্জনের অবসান ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply