তিস্তা নিউজ ডেস্ক
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের জন্য সরকারের পক্ষ থেকে সামাজিক সহায়তার অংশ হিসেবে একই মাসের শেষ সপ্তাহে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু করা হবে। ধাপে ধাপে এই কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা হবে।
শিক্ষাব্যবস্থায় গতি ফেরানো এবং সেশনজট কমানোর লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ২০২৮ সালের পর থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আর দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে না। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে, ফলে সময়ের অপচয় কমবে।
এছাড়া পাঠ্যপুস্তক উন্নয়ন কার্যক্রম নিয়েও তিনি কথা বলেন। মন্ত্রী জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সংশোধিত ও পরিমার্জিত নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে। এতে আগামী শিক্ষাবর্ষের শুরু থেকেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে।
শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের পাঠে সীমাবদ্ধ না রেখে সহ-শিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কার্যক্রম শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply