আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত নাগরিক ও দেশে জরুরি সেবায় নিয়োজিত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে চালু করা হয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। এই অ্যাপে নিবন্ধনে ব্যাপক সাড়া মিলেছে। এখন পর্যন্ত প্রায় ১৯ লাখ ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার প্রায় ১৩ লাখ এবং দেশের অভ্যন্তর থেকে আবেদন করেছেন প্রায় ৬ লাখ ভোটার। আগামী সোমবার (৫ জানুয়ারি) এ নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে।
ইসি সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপে মোট ১৩ লাখ ৭ হাজার ২৭৬ জন প্রবাসী ভোটার আবেদন করেছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ২২ হাজার ৪০৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৮৭১ জন। অন্যদিকে, দেশের ভেতর থেকে মোট ৫ লাখ ৮৪ হাজার ৫০৮টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনের মধ্যে সরকারি চাকরিজীবী ৪ লাখ ৬৪ হাজার ৪৪৪ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ১ লাখ ৫ হাজার ৯৯৬ জন, আনসার ও ভিডিপি সদস্য ৮ হাজার ৭৪১ জন এবং কারাবন্দি ৫ হাজার ৩২৭ জন রয়েছেন।
এবারই প্রথম আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই পদ্ধতিতে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে এবং ভোট দেওয়ার পর তা রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা এ নিবন্ধনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে ইসি।
Leave a Reply