তিস্তা নিউজ ডেস্ক;
ভেদাভেদের রাজনীতির পরিবর্তে সমতা এবং সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, সঠিক পরিকল্পনা ও আন্তরিক উদ্যোগ থাকলে নগরবাসীসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষের সমস্যার সমাধান সম্ভব।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় নগরবাসী, ভোটার ও বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
ডা. জুবাইদা রহমান বলেন, “ভেদাভেদের আগে সমতা এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।” নগরবাসী ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের সমস্যা অনেক, আমাদের সবারই সমস্যা আছে। কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।”
বিএনপির রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন, “বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়ের সময়। আমরা বিশ্বাস করি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।”
ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শ্রমের মর্যাদা নিশ্চিত হবে, মেধার যথাযথ মূল্যায়ন করা হবে এবং চাকরি হবে মেধাভিত্তিক। “আমরা দিতে চাই ন্যায়ভিত্তিক অধিকার। শোষণের আগে অধিকার—এই নীতিতেই আমরা বিশ্বাস করি,”—বলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির লক্ষ্য এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা যেখানে নেতার আগে জনতা। “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে,”—বলেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. জুবাইদা রহমান বলেন, “আজ আপনারা প্রমাণ করেছেন যে আপনারা সবাই একসঙ্গে আছেন। আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের জানিয়েছেন।” তিনি বলেন, বিএনপি জনগণের কথা আরও গভীরভাবে শুনতে চায় এবং তাদের সামর্থ্য অনুযায়ী সমস্যা সমাধানে উদ্যোগ নেবে।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই একটি সুন্দর, সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। “এই লক্ষ্যেই বিএনপি কাজ করছে,”—বলেন তিনি।
মতবিনিময় সভায় ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
Leave a Reply