জেলা প্রতিনিধি:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় সফরে যাচ্ছেন। এই সফরের আওতায় তিনি পর্যায়ক্রমে ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলায় দলীয় জনসভায় অংশ নেবেন। দীর্ঘ সময় পর তারেক রহমানের সরাসরি উপস্থিতিকে ঘিরে উত্তরাঞ্চলের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্র জানায়, শনিবার সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সেখান থেকে হেলিকপ্টারে তিনি সরাসরি ঠাকুরগাঁওয়ে যাবেন। প্রায় ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। এই জেলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকায় সফরের প্রথম জনসভা করবেন তিনি। জনসভাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠ সাজানো, মঞ্চ নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক আয়োজন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের জনসভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর দলের চেয়ারম্যানকে সামনে থেকে দেখার অপেক্ষায় রয়েছেন ঠাকুরগাঁওয়ের নেতাকর্মী ও সমর্থকরা। তাদের ভাষ্য, এই সফরের মাধ্যমে দলীয় কার্যক্রম আরও চাঙ্গা হবে। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে বিএনপির মহাসচিবের যেসব পরিকল্পনা রয়েছে, সেগুলো বাস্তবায়নে তারেক রহমানের উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে তারেক রহমান নীলফামারীর উদ্দেশে রওনা দেবেন এবং সেখানে আরেকটি দলীয় জনসভায় অংশ নেবেন। এরপর তিনি দিনাজপুরের বিরামপুরে যাবেন। বিরামপুরে রয়েছে তার নানা-নানীর বাড়ি এবং মায়ের স্মৃতিবিজড়িত স্থান। সেখানে পৌঁছে তিনি তার নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রায় ২০ বছর পর তারেক রহমানকে কাছে পাওয়ার আশায় দিনাজপুর ও আশপাশের এলাকার নেতাকর্মী এবং সাধারণ মানুষও উচ্ছ্বসিত। স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে বিএনপি ক্ষমতায় এলে নতুন গতি আসবে এবং তারেক রহমানের এই সফর সেই প্রত্যাশাকে আরও জোরালো করবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারকে ঘিরে মানুষের যে ভালোবাসা রয়েছে, তা আগামী ৭ ফেব্রুয়ারির জনসভাগুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠবে।”
এদিকে পুলিশ জানিয়েছে, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে সফরটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
Leave a Reply