তিস্তা নিউজ ডেস্ক
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে। এই ঘোষণা তিনি এসএসসি ও সমমানের আসন্ন পরীক্ষা উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহ টাউন হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আয়োজিত সচেতনতামূলক সভায় দেন।
মন্ত্রী বলেন, নতুন নজরদারি ব্যবস্থার মাধ্যমে দূর থেকে পরীক্ষার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। কোনো অনিয়মের অভিযোগ উঠলে সিসিটিভির ফুটেজ আর্কাইভে সংরক্ষণ করা হবে, যা পরবর্তীতে তদন্তের কাজে ব্যবহার করা যাবে।
যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সক্ষমতা নেই, তারা শিক্ষা বোর্ডের অনুমোদন সাপেক্ষে এই আর্থিক সহায়তা পাবেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, পাবলিক পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়া সব ধরনের অনিয়ম রোধের জন্য ১৯৮০ সালের ‘পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট’ যুগোপযোগী করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।
সভায় শিক্ষকদের উৎসবভাতা বৃদ্ধির প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ভাতা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে সরকারের ভেতরে আলোচনা চলছে। বাজেটের আগে এ বিষয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে, আর দেরি হলে পরে তা কার্যকর করা হবে।
এছাড়া মাদ্রাসা শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার বিষয়ে মন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদ্রাসা শিক্ষার্থীরাও উপবৃত্তি, মিড-ডে মিল ও পোশাকসহ অন্যান্য সুবিধা পাবেন। ইতিমধ্যে কিছু পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে।
বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, একসময় মাদ্রাসায় বিনামূল্যে বই দেওয়া হতো না। পরে উদ্যোগ নেওয়া হয়েছে এবং আর্থিক অসঙ্গতি সমাধান করে এই কার্যক্রম সুষ্ঠুভাবে চালানো হচ্ছে।
Leave a Reply