তিস্তা নিউজ ডেস্ক
বাংলাদেশে একটি আধুনিক ও বিশেষায়িত ক্যানসার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত ও সহজলভ্য করতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
জাপানের স্থানীয় সময় শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে ৫টায় টোকিওতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভাইস মিনিস্টার শিমাদা তোমোকির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। বৈঠকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে জাপানের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিরোধীদলীয় নেতা মনোনীত হওয়ায় ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানান।
আলোচনায় বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পায়। দুই পক্ষই বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর একমত হন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতে ক্যানসার চিকিৎসার সক্ষমতা এখনো সীমিত। এ কারণে একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত ক্যানসার হাসপাতাল স্থাপন সময়ের দাবি হয়ে উঠেছে। তিনি এ উদ্যোগ বাস্তবায়নে জাপানের প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা কামনা করেন।
তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের উন্নয়ন যাত্রার দীর্ঘদিনের নির্ভরযোগ্য অংশীদার। অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, যোগাযোগ এবং মানবসম্পদ উন্নয়নে জাপানের অবদান প্রশংসনীয়। ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হলে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
জাপান পক্ষ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকার প্রশংসা করে। পাশাপাশি ভবিষ্যতেও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
Leave a Reply