নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিশুদের অধিকার সুরক্ষা এবং শিশুশ্রম নিরসনে জনসচেতনতা বৃদ্ধি করতে রোববার (১৪ জুন) সকাল ১০টায় শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) নীলফামারী।
কর্মসূচির শুরুতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন প্রদর্শন করে শিশুশ্রমবিরোধী নানা স্লোগান দেন। তারা শিশুদের শিক্ষা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ শ্রম থেকে শিশুদের মুক্ত রাখা এবং একটি নিরাপদ শৈশব গড়ে তোলার আহ্বান জানান। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুশ্রম শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করছে। তারা আরও বলেন, দারিদ্র্য ও সচেতনতার অভাবের কারণে শিশুশ্রম বাড়ছে, যা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সনাক সভাপতি মো. আকতারুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের দলনেতা সাখাওয়াত হোসেন, সহ-দলনেতা বর্ষা প্রামাণিক, সদস্য আব্দুল কুদ্দুস উৎস, বৃষ্টি রানী রায় এবং টিআইবির এলাকা সমন্বয়কারী মো. আসাদুজ্জামানসহ অন্যান্যরা।
বক্তারা শিশুশ্রম প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি প্রাপ্তবয়স্কদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষাব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
তারা আরও বলেন, সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকরা একসঙ্গে কাজ করলে ধীরে ধীরে শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শিশুশ্রম প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেন।
Leave a Reply