নিজস্ব প্রতিনিধি,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম নাসিরউদ্দিন। বুধবার বিজেপি সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ঝুঁকি বিবেচনায় দেশজুড়ে বিভিন্ন এলাকাকে সবুজ, হলুদ ও লাল—এই তিন ভাগে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
এদিন রাজধানীর আজিমপুর ফুলপরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাস্তবসম্মত পরিবেশে ভোটগ্রহণ প্রক্রিয়ার মহড়া অনুষ্ঠিত হয়। সেখানে দেখা যায় ভোটারদের দীর্ঘ সারি, ব্যস্ত নির্বাচনী কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। মহড়ার এক পর্যায়ে আচমকা একদল দুর্বৃত্ত কেন্দ্র দখলের চেষ্টা চালালে দ্রুত এগিয়ে আসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিপি) সদস্যরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্দেশ্য ছিল—নির্বাচন চলাকালে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদর্শন।
মহড়ায় প্রধান অতিথি হিসেবে সিইসি এএম নাসিরউদ্দিনসহ নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মহড়া শেষে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। রেড জোনগুলোতে থাকবে বিশেষ নিরাপত্তা নজরদারি, ইয়েলো জোনে মাঝারি সতর্কতা আর গ্রিন জোনের এলাকায় থাকবে নিয়মিত তদারকি। এভাবে জোনভিত্তিক ব্যবস্থা গ্রহণ করলে যেকোনো অস্থিতিশীলতা মোকাবিলা সহজ হবে বলে তিনি মনে করেন।
সিইসি আরও বলেন, ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। যদিও এখনো কিছু চ্যালেঞ্জ আছে, তবুও তফসিল ঘোষণার পর পরিস্থিতি আরও ভালো হবে বলে কমিশন আশা করছে। নিরাপত্তা বাহিনী, প্রশাসন ও নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তাদের প্রশিক্ষণও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, কমিশন তাদের অঙ্গীকার অনুযায়ী জনগণের জন্য একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। এজন্য সব ধরনের প্রস্তুতি—প্রশিক্ষণ, সমন্বয়, নিরাপত্তা পরিকল্পনা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা—নিয়মিতভাবে হালনাগাদ করা হচ্ছে।
নির্বাচনী পরিবেশ তৈরির এই মহড়া নির্বাচন কমিশনের প্রস্তুতি ও সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এমন বাস্তবমুখী মহড়া মাঠপর্যায়ে কাজ করা কর্মকর্তাদের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়াবে এবং ভোটের দিনে সম্ভাব্য সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।
Leave a Reply