নিজস্ব প্রতিনিধি,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই ঢাকার ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। নির্বাচনের আগে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিলেও এখনো হামলায় জড়িত শুটারকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
সরকারের পক্ষ থেকে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের হুঁশিয়ারি দেওয়া হলেও বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, হামলাকারীরা ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
এদিকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ওসমান হাদীর ওপর সংঘটিত এই লোমহর্ষক হামলার নেপথ্য রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। নিখুঁত পরিকল্পনায় হামলা চালিয়ে আলামত গোপনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। সিসিটিভি ফুটেজের সূক্ষ্ম বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট এবং একটি ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে।
পুলিশ জানায়, এসব আলামত উদ্ধার হওয়ায় হামলার পেছনের কুশীলবদের শনাক্তের ক্ষেত্রে তারা একটি বড় অগ্রগতি অর্জন করেছে।
এর আগে ১৪ ডিসেম্বর সকালে শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও এলাকার বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির পার্কিং থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। তবে তদন্তকারীদের সবচেয়ে বেশি বিস্মিত করেছে ম্যানহলের ভেতরে লুকিয়ে রাখা নম্বর প্লেটটি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, অপরাধীরা পুলিশের নজর এড়াতে নম্বর প্লেট পরিবর্তনের কৌশল অবলম্বন করেছিল। সিটিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সিটিটিসির একটি বিশেষ দল বিষয়টি শনাক্ত করতে সক্ষম হয়।
তদন্তে আরও জানা গেছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি মোট আটবার মালিকানা পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। প্রথম মালিক আব্দুর রহমানের কাছ থেকে এটি শহীদুল রাসেলের মাধ্যমে ওবায়দুল, আনারুল ও শুভর হাতে যায়। সর্বশেষ হামলার প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মোহাম্মদ কবিরের পরিচয়পত্র ব্যবহার করে ‘মহিউদ্দিন ইসলাম’ নাম ধারণ করে মোটরসাইকেলটি কেনা হয়।
সিটিটিসি জানায়, উদ্ধার করা হেলমেট ও ভুয়া নম্বর প্লেট পরবর্তী আইনি ব্যবস্থা ও অধিকতর তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওসমান হাদীর ওপর সংঘটিত এই বর্বর হামলায় জড়িত মূল ঘাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply