নিজস্ব প্রতিনিধি,
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে ফের চাপে পড়েছে ঢাকা–দিল্লির কূটনৈতিক সম্পর্ক। ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে করা মন্তব্য ও হুমকির প্রেক্ষিতে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় হেমন্ত বিশ্বশর্মা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে “দায়িত্বজ্ঞানহীন, অজ্ঞতাপূর্ণ ও বিপজ্জনক” বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার চিন্তা সম্পূর্ণ অবাস্তব ও উস্কানিমূলক।
আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। এমন একটি দেশের বিরুদ্ধে বাংলাদেশ থেকে এ ধরনের বক্তব্য কীভাবে আসতে পারে—তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
হুঁশিয়ারি দিয়ে হেমন্ত বিশ্বশর্মা বলেন, যদি এ ধরনের শত্রুতামূলক বক্তব্য অব্যাহত থাকে, তাহলে ভারত নীরব থাকবে না এবং প্রয়োজনে উপযুক্ত জবাব দেবে। বিশেষ করে ভারতের সাত রাজ্য নিয়ে গঠিত উত্তর-পূর্বাঞ্চলের চারটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত থাকায় এই মন্তব্য আঞ্চলিক অস্থিরতার আশঙ্কা বাড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে সোমবার রাজধানীর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত এক সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিবি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ওই সমাবেশে তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান করছে না।
হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণের মাধ্যমে সহায়তা দিয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে। তিনি আরও বলেন, ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে সেই প্রতিরোধের আগুন সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়বে।
বক্তব্যের একপর্যায়ে তিনি ভারতবিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতার এমন বক্তব্য দ্রুতই দুই দেশের কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
Leave a Reply