নিজস্ব প্রতিনিধি,
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাজান কবির (লেলিন)-এর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
জলঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলঢাকা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক (বাবু)। তিনি বলেন, একটি গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ভোট প্রক্রিয়া পিছিয়ে দিতে চায়, কিন্তু বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধভাবে তা রুখে দেবে। তিনি আরও বলেন, দলের প্রাণপ্রিয় নেতা আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবেন—এ জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান।
উপজেলা ছাত্রদলের সভাপতি মনতাজুর রহমান (মিঠু) বলেন, জলঢাকা বিএনপি সবসময় ঐক্যবদ্ধ। আমাদের সরলতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলী, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শেখ সাদী লাভলু, হারুনা রশিদ, দুলাল হোসেন ও আবু তরাব ইমন।
সমাপনী বক্তব্যে শাহাজান কবির (লেলিন) বলেন, ওসমান হাদীর হত্যায় আমরা গভীরভাবে শোকাহত। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
Leave a Reply