দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ পরিবহন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপির আবেদনের পর বাংলাদেশ রেলওয়ে নির্ধারিত ভাড়ার বিনিময়ে ১০টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ঢাকামুখী যাত্রীচাপ সামাল দিতে নিয়মিত চলাচলকারী কয়েকটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে। এতে রাজধানীমুখী যাতায়াতে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব বিশেষ ট্রেন পরিচালনার মাধ্যমে রেলওয়ের প্রায় ৩৬ লাখ টাকা আয় হবে। রাজধানীর ৩০০ ফিট সড়কে বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল জনসমাগমের লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, শুরুতে ১১টি বিশেষ ট্রেনের আবেদন করা হলেও ইঞ্জিন সংকটের কারণে ১০টি ট্রেন বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে। পাশাপাশি বিভিন্ন রুটের ট্রেনে আরও ১৭টি অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে। কক্সবাজার, খুলনা, রাজশাহী, যশোর, পঞ্চগড়, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ভৈরব বাজার, নরসিংদী, চাটমোহর ও জয়দেবপুরসহ বিভিন্ন এলাকা থেকে এসব ট্রেন ঢাকায় আসবে।
তবে এই বিশেষ ব্যবস্থার কারণে একদিনের জন্য কয়েকটি কমিউটার ও আঞ্চলিক ট্রেন সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এতে নিয়মিত যাত্রীদের ভোগান্তির আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষ আগেই দুঃখ প্রকাশ করেছে। রেলপথ মন্ত্রণালয় জানায়, রাজনৈতিক কর্মসূচি ও সাধারণ যাত্রীদের স্বার্থ—দুটোর মধ্যে ভারসাম্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply