নিজস্ব প্রতিনিধি,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মধ্যে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, আগামী দুই একদিনের মধ্যেই এ সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ ডিসেম্বরের মধ্যেই এই সমঝোতা ঘোষণা হবে বলে জানানো হয়েছে।
সূত্র অনুযায়ী, শুক্রবার রাতে জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা আসন সমঝোতা নিয়ে রুদ্ধদ্বার দীর্ঘ বৈঠক করেন। এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা জানান, বিষয়টি এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। দলের নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য এবং শীর্ষ নেতৃত্ব সভায় ঐকমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। যদিও শুরুতে দলের একাংশ, বিশেষ করে কয়েকজন নারী নেত্রী আপত্তি তুলেছিলেন, তবে দলের বৃহত্তর স্বার্থে শেষ পর্যন্ত তারাও এতে সম্মতি দেন।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেন, “বিএনপি বাদে জুলাই শক্তির দলগুলো এক হলে, বিশেষ করে এনসিপি ও জামায়াতসহ আট দল নিয়ে জোট গড়ে উঠলে তা ইতিবাচক হবে। আমরা আশা করি, এর মাধ্যমে সরকার গঠন সম্ভব হবে।”
এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা জানান, আসন সমঝোতার অংশ হিসেবে দলটি অন্তত ৫০টি আসন দাবি করছে। যদিও ৩০টি আসন দেওয়া নিয়ে বেশি আলোচনা হচ্ছে। কোন আসনে কারা প্রার্থী হবেন, তা নিয়ে দলের ভেতরে আলোচনা ও প্রস্তুতি চলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই সমঝোতা বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে।
Leave a Reply