নিজস্ব প্রতিনিধি,
প্রায় দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন। একই দিনে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার গণমাধ্যমকে জানান, পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকেই তারেক রহমান প্রচারণা শুরু করবেন। তিনি উল্লেখ করেন, বিএনপি প্রতিষ্ঠার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হয়ে এবং বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকেই প্রচার শুরু করেছেন।
তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বলেন, ৩৬০ আউলিয়ার নগরী থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তিনি। সফরের শুরুতে নগরীর হজরত শাহজালাল ও খাদিমনগরের হজরত শাহপরান মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় আলিয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন।
জনসভা শেষে তিনি সিলেট-ঢাকা মহাসড়ক পথে বিভিন্ন নির্বাচনী এলাকায় সমাবেশে যোগ দেবেন। সফরের অংশ হিসেবে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীরা অংশ নেবেন। ২১ জানুয়ারি রাতে সিলেটে পৌঁছাবেন তিনি। সর্বশেষ ২০০৫ সালে সিলেটে সফর করেছিলেন। দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।
Leave a Reply