নিজস্ব প্রতিনিধি,
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গতকাল সোমবার কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে একাধিক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে আগামী ১২ ফেব্রুয়ারিকে ‘ব্যালট বিপ্লব’-এর দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। এসব জনসভায় তিনি দেশের রাজনৈতিক বাস্তবতা, দুর্নীতি, নারীর নিরাপত্তা, অর্থনীতি ও ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে নানা গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, উন্নয়নের নামে গত ৫৪ বছর ধরে যারা ক্ষমতায় এসেছে, তারা দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তিনি অভিযোগ করেন, দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন ছাড়া রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। তার মতে, দীর্ঘদিনের দুর্নীতি ও দুঃশাসনের ফলে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।
নারীদের অবর্ণনীয় ত্যাগের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, মায়েদের ঋণ শোধ করার ক্ষমতা কারও নেই। নারীদের প্রতি কুদৃষ্টি বা অশোভন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও তিনি কঠোর ভাষায় সতর্ক করেন। জামায়াত জোটের নির্বাচনী ক্যাম্পেইনে বাড়ি বাড়ি যাওয়া নারী কর্মীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ তুলে তিনি রাজনৈতিক প্রতিপক্ষদের উদ্দেশে বলেন, ধৈর্যের পরীক্ষা না নেওয়াই ভালো।
চাঁদাবাজি ও সিন্ডিকেট প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান জানান, চালের ট্রাকপ্রতি পাঁচ হাজার টাকা নেওয়ার তথ্য তাদের কাছে রয়েছে। পণ্যমূল্য নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে চাঁদাবাজি ও সিন্ডিকেট নির্মূলের ওপর জোর দেন তিনি। একই সঙ্গে বলেন, চাঁদাবাজদের সংশোধনের সুযোগ দিয়ে সমাজের ইতিবাচক কাজে যুক্ত করা হবে। ক্ষমতায় গেলে কুষ্টিয়া চিনিকল পুনরায় চালু করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
কর্মজীবী নারীদের বিষয়ে তিনি বলেন, নারীদের ঘরে আটকে রাখার নীতি তাদের নেই। বরং নারীদের জন্য নিরাপদ সমাজ ও কর্মস্থল নিশ্চিত করা হবে এবং বড় শহরগুলোতে আলাদা বাস চালুর উদ্যোগ নেওয়া হবে।
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জনপ্রতিনিধিদের প্রতিবছর নিজেদের ও স্বজনদের সম্পদের হিসাব প্রকাশ বাধ্যতামূলক করা হবে। রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সবার জন্য একই বিচার নিশ্চিত করা হবে। নদী রক্ষা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং দুর্নীতিবাজদের লুটপাট করা সম্পদ দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি।
জনসভা শেষে দলের নেতৃবৃন্দ জানান, একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়তে এই গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply