তিস্তা নিউজ ডেস্ক
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর এবং গতিশীল করার জন্য ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত বরাদ্দ ঘোষণা করেছে। অধিদপ্তরের বাজেট শাখা থেকে জারি করা আদেশে এই অতিরিক্ত অর্থ ব্যয়ের অনুমোদন ও মঞ্জুরি দেওয়া হয়েছে।
বরাদ্দকৃত অর্থ ব্যবহার করা হবে প্রশাসনিক ব্যয়, অবকাঠামো মেরামত, যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় এবং পূর্ববর্তী অর্থবছরের বকেয়া পাওনা পরিশোধে। মাউশি জানিয়েছে, এই বরাদ্দের আওতায় বিদ্যালয়গুলো ২০২৪-২৫, ২০২৩-২৪ এবং ২০২২-২৩ অর্থবছরের বকেয়া পরিশোধ করতে পারবে। খাতের মধ্যে রয়েছে প্রশাসনিক ব্যয়, জ্বালানি (পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট), ভ্রমণ ও বদলি ভাতা, মুদ্রণ ও মনিহারি, সাধারণ সরবরাহ ও কাঁচামাল, পাশাপাশি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি।
আদেশে আরও নির্দেশ দেওয়া হয়েছে, সদ্য সরকারি করা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা মাউশির পূর্বানুমোদন ছাড়া কোনো বকেয়া বেতন বা ভাতা উত্তোলন করতে পারবেন না। এছাড়া, শ্রান্তিবিনোদন ছুটি মঞ্জুর করার দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানদের, এবং প্রধানদের ছুটি অনুমোদন করবেন শিক্ষা অধিদপ্তর।
বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকারি আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। মাউশি জানিয়েছে, ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যয় নির্বাহকারী কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। বরাদ্দের অব্যয়িত বা উদ্বৃত্ত অর্থ আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এই বরাদ্দ সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও ফলপ্রসূ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply