1. tistanewsbd2017@gmail.com : Tistanewsbd : Md. Amdadul Hoque
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

জ্বালানি খাতে অস্থিরতা, বাড়ল ফার্নেস তেলের দাম

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৮ Time View

তিস্তা নিউজ ডেস্ক

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বৃদ্ধি পেয়ে ফার্নেস তেলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিইআরসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, নতুন এই মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

এর আগে ফার্নেস তেলের দাম নির্ধারণের দায়িত্ব ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর হাতে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এই ক্ষমতা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে হস্তান্তর করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো বিইআরসি দাম ঘোষণা করে এবং এবার দ্বিতীয় দফায় মূল্য সমন্বয় করল সংস্থাটি।

বিপিসির অধীনস্থ চারটি তেল বিপণন কোম্পানি—পদ্মা, মেঘনা, যমুনা এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল—নতুন নির্ধারিত দরে ফার্নেস তেল বাজারজাত করবে। এই তেলের প্রধান ক্রেতা হিসেবে কাজ করে সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

উল্লেখ্য, সর্বশেষ সরকারিভাবে ফার্নেস তেলের দাম সমন্বয় করা হয়েছিল ২০২৪ সালের ২ আগস্ট। এরপর মূল্য নির্ধারণের দায়িত্ব বিইআরসির কাছে যাওয়ার পর গত ২০ জানুয়ারি বিপিসি নতুন দাম নির্ধারণের প্রস্তাব দেয়। পাশাপাশি চারটি বিপণন কোম্পানিও আলাদা প্রস্তাব জমা দেয়। এসব প্রস্তাব পর্যালোচনা করে ২৯ জানুয়ারি গণশুনানি করে বিইআরসি, যার ধারাবাহিকতায় এবার নতুন মূল্য ঘোষণা করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 JaldhakaITPark
Theme Customized By LiveTV